কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় কুমারখালী থানায় মামলা হয়েছে। এনসিপির কুষ্টিয়া জেলা আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি বাদী হয়ে এ মামলা করেছেন।
তবে মামলায় পুলিশ আসামিদের নাম যুক্ত করেনি জানিয়ে টনি বলেন, আসামিদের নাম উল্লেখ করা হলেও পুলিশ তা যুক্ত করেনি।
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় নাসীরুদ্দীন পাটওয়ারীর পরনের পাঞ্জাবি ছিঁড়ে যায়।
রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লালন শাহ মাজারের মূল ফটকের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্ধার করে। পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় তিনি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।
এ হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছে স্থানীয় এনসিপি।


