ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা।
বুধবার ভোরের এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে এডেনের নিরাপত্তা বিভাগের গণমাধ্যম শাখা।
ইয়েমেনের লোহিত সাগর উপকূলে কয়েক সপ্তাহ ধরে হুথিদের অগ্রযাত্রার পর নতুন করে সংঘাত শুরু হয়েছে। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের পাল্টা অভিযানে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা পুনর্দখল করা হয়েছে। এ অভিযানে জোটের বিমান সহায়তাও রয়েছে।
হুথি নিয়ন্ত্রিত এলাকার বাইরে ইয়েমেনের কয়েকটি অঞ্চলের জন্য এডেন বিমানবন্দরই প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার।
রয়টার্সের খবরে বলা হয়, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করে ধ্বংস করেছে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জোটের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার হুমকিগুলোর উৎস ছিল হুথিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানা এবং সাদা ও আমরান প্রদেশ।
জোটের ওই বিবৃতির পর হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশন জানায়, সৌদি বাহিনী ইয়েমেনের মধ্যাঞ্চলীয় ইব ও তাইজ প্রদেশের বিস্তৃত একটি এলাকায় হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


