দিনাজপুরে ধান খেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

দিনাজপুরে ধান খেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দিনাজপুরের চিরিরবন্দরে মোকছেদুল (৫২) নামে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোর ৬টার দিকে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিতবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠ সংলগ্ন একটি ধান খেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোকছেদুল চিরিরবন্দর উপজেলার ইছামতি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে অটোভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মোকছেদুল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার ভোরে স্থানীয় বাসিন্দারা ধান খেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। উদ্ধারের সময় নিহতের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী জানান, প্রাথমিক আলামত ও পরিস্থিতির ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, রোববার বিকাল থেকে সোমবার ভোরের কোনো একসময় তাকে হত্যা করে অটোভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad