নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন নামের (৮০) এক বয়স্ক নারী নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে রহিম উদ্দিন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন ওই এলাকার মৃত সায়েদুল হকের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে মনিজা খাতুন হাবিবপুর বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় গ্রাম্য সড়কে সংস্কারকাজের জন্য কংক্রিট বহনকারী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তবে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত এক


