বান্দরবানের সাঙ্গু নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টা পর নুরুল আলম (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার রাতে বালাঘাটা হর্টিকালচার পয়েন্টের কাছে মরদেহটি নদীতে ভেসে ওঠে।
রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নুরুল আলমের মরদেহটি উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, উদ্ধার হওয়া মরদেহ সুরতহাল করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পানি তোলার কাজে ব্যবহৃত পাম্পের পাইপ বসানোর সময় প্রবল স্রোতে শহরের সাঙ্গু ব্রীজ সংলগ্ন বোটঘাটা পয়েন্ট থেকে নদীতে ভেসে যান নুরুল আলম। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কয়েক ঘণ্টা ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি।


