ফরিদপুরের বোয়ালমারীতে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরের চৌরাস্তার স্বাধীনতা স্তম্ভ চত্বরসংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মো. নান্নু বিশ্বাস ও তার মেয়ে সুরাইয়া বেগম (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার দিকে বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় স্বাধীনতা স্তম্ভ চত্বরসংলগ্ন সড়কের ওপর নান্নু বিশ্বাসের চায়ের দোকানে তল্লাশি চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বাবা নান্নু বিশ্বাস ও তার মেয়ে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, নান্নু বিশ্বাস চিহ্নিত মাদক কারবারি, তার বিরুদ্ধে ইতোপূর্বে মাদকসংক্রান্ত একটি মামলা রয়েছে। নান্নু বিশ্বাসের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার বাবা-মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে ২৮ সেপ্টেম্বর দুপুরে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


