লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রীবাহী অটোরিকশাটি পাটগ্রামের দিকে যাওয়ার পথে ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয় এবং সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত বাকি সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, তারা সবাই স্থানীয় বাসিন্দা বলে ধারণা করছে পুলিশ ও উদ্ধারকারীরা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩


