গাজীপুরের পূবাইলে একটি রিসোর্ট ভাড়া নিয়ে ‘সনিক পালস’ ব্যানারে আয়োজিত ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ২১ পিস এক্সটাসি, কোকেন ও বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত ১০টা থেকে শনিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত গাজীপুরের পূবাইল রিসোর্ট ক্লাবে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), তুষার আহমেদ নিশু (৩২), মহিদুল ইসলাম রাহাত (২৮) এবং কাসফিয়া নিশাত (২৫)। তাদের সবার বাড়ি ঢাকার ধানমন্ডি ও উত্তরা এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২১ পিস এমডিএমএ বা এক্সটেসি (১০ গ্রাম), ২৪ গ্রাম কুশ, ১ গ্রাম কোকেন, ৪ বোতল (৩.৭৫ লিটার) বিলাতি মদ, ২০ গ্রাম স্ট্রবেরি ড্রিএম ইনফিউজড গামিস, একটি ডিভিআর এবং চার্লটি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়, প্রধান কার্যালয়ের গোয়েন্দা টিম, ঢাকা মেট্রো (উত্তর ও দক্ষিণ) এবং গাজীপুর জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি যৌথ টিম এই অভিযান চালায়। পূবাইল রিসোর্ট ক্লাবের ‘টিউবরোজ’ ও ‘গোমতী’ নামের দুটি কটেজে তল্লাশি চালিয়ে মাদকসহ আসামিদের হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন ছাড়াই ‘সনিক পালস’ ব্যানারে রিসোর্টটি ভাড়া নিয়ে এই ডিজে পার্টির আয়োজন করেছিলেন তানজিম, তুষার ও রাহাত। এই অনুষ্ঠানের আড়ালে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন ধরনের দামি সিনথেটিক মাদক সরবরাহ করা হচ্ছিল।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


