কক্সবাজারের রামুতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে বাঁকখালী নদীতে গোসলে নেমে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার বিকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. শাহীন (১৫)। সে স্থানীয় প্রবাসী নুরুল আমিনের ছেলে এবং রাজারকুল ইউনিয়নের মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক জানিয়েছেন, বুধবার বিকালে সিকদার পাড়া সংলগ্ন নদীপাড়ের বাদামতলী মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে শাহীনসহ তিন বন্ধু বাঁকখালী নদীতে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে কলাগাছ নিয়ে সাঁতার কাটছিল। একপর্যায়ে শাহীন পানিতে তলিয়ে যায়। অন্য বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
শাহিনের বড় ভাই মো. ফয়সাল বলেন, ‘বন্ধুদের সঙ্গে খেলা শেষে গোসল করতে গিয়ে আমার ভাই পানিতে তলিয়ে গেছে। এরপর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা নদীর পাড় ও আশপাশের এলাকায় খোঁজ করছি। দ্রুত উদ্ধার অভিযান জোরদারের দাবি জানাচ্ছি।’
রামু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আবদুল কাদের চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে কক্সবাজারে ডুবুরি দল না থাকায় চট্টগ্রামে খবর দেওয়া হয়েছে। এরই মধ্যে ডুবুরি দলের সদস্যরা রামুর উদ্দেশে রওনা দিয়েছে। তারা রামু পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রমে অংশ নেবেন।
স্থানীয়রা জানিয়েছেন, বাঁকখালী নদীর ওই অংশে পানির গভীরতা ও স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে অনেক ব্যাঘাত ঘটছে।
নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে দ্রুত ডুবুরি দল এনে অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তার স্বজন ও স্থানীয়রা।


