বিয়ে, সঙ্গী ও মাতৃত্ব নিয়ে নিজের চিন্তাভাবনা ব্যক্ত করেছেন অভিনেত্রী ও গায়িকা শ্রুতি হাসান। সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, সম্পর্কের ক্ষেত্রে প্রচলিত সামাজিক ধারা অনুসরণ করাকে অপ্রয়োজনীয় মনে করেন তিনি। একজন সঙ্গী থাকা তার কাছে গুরুত্বপূর্ণ হলেও সম্পর্ককে বিয়ের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ দেওয়া নিয়ে তিনি নিশ্চিত নন।

শ্রুতি জানান, সঙ্গী নিয়ে জীবন কাটানোর বিরোধী নন তিনি, তবে কোনো নির্দিষ্ট সামাজিক ছকে নিজেকে আটকে রাখতে চান না। বিয়ের আইনি কাগজপত্রের চেয়ে দুইজন মানুষের মধ্যকার পারস্পরিক অঙ্গীকারকে বেশি প্রাধান্য দেন তিনি।

বিয়েতে অতিরিক্ত অর্থ খরচের বিষয়ে আপত্তি জানিয়ে শ্রুতি বলেন, এত টাকা খরচ না করে তা দাতব্য কাজে বা অসহায়দের দেওয়া উচিত। এ ছাড়া মাতৃত্বের ইচ্ছার কথা উল্লেখ করে তিনি জানান, সন্তান দত্তক নেওয়ার পাশাপাশি নিজের জৈবিক সন্তান নেওয়ার বিষয়েও তিনি আগ্রহী।

এর আগে রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে আলাপচারিতায় বিয়েকে ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেছিলেন শ্রুতি। তিনি জানান, কঠোর পরিশ্রমে অর্জিত নিজের স্বাধীনতাকে কোনো কাগজের সনদের মাধ্যমে বেঁধে ফেলার ধারণা তাকে অস্বস্তিতে ফেলে।

কাজের ক্ষেত্রে শ্রুতি হাসানকে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ২০২৫ সালের সিনেমা ‘কুলি’-তে। এ ছাড়া রাম চরণের সিনেমা ‘পেদ্দি’তে ‘হেল্লালালো’ গানে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে তাকে।


