খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি ও ডিবি পুলিশ। এ নিয়ে এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুইজন হত্যার সাথে নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তাররা হলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা হলের সামনে থাকা মা বাবার দোয়া জুস কর্ণারের মালিক তারেক ওরফে রুবেল(৩৫) ও কৃষি ব্যাংকের খুলনার টাউন নওয়াপাড়া শাখার ক্যাশ অফিসার হাসনাত হাবিব রিফাত (৩০)। তারা দুজন হত্যার সাথে নিজেদের সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করেছেন।
অন্যদিকে প্রতাপ সরকার (২৮) নামের আরো একজনকে বিকাল সাড়ে চারটায় বরিশালের উজিরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে খুলনা নগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে জুস বিক্রেতা তারেক ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়। আজমুল হত্যার সাথে নিজের সম্পৃক্ত থাকার বিষয়টি সে স্বীকার করেছে। গ্রেপ্তার হওয়া তারেক ওরফে রুবেল হরিণটানা থানার খানজাহান নগর এলাকার। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে।
এসআরবির একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া জুস বিক্রেতা তারেক ওরফে রুবেলকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে আজমুলকে কয়েকটি লাথি, কিলঘুসি দিয়েছিলো। ওই রাতে চোর চোর চিৎকার শুনে সে গিয়ে নাজমুলকে কয়েকটি লাথি, কিলঘুসি মারে।
মঙ্গলবার বিকালে প্রতাপ সরকারকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে ডিবি পুলিশ। খুলনার উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আহাদুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তার হওয়া প্রতাপ সরকার যশোরের সিদ্ধিপাশা দলিগ্রামের। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি ।
গত শুক্রবার গভীর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোড-সংলগ্ন ইসলামনগর সড়কের একটি চারতলা ভবনের ছাদে ভাত চুরির অভিযোগ এনে আজমুলকে পেটানো হয়। এবং এক পর্যায়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত শনিবার রাতে নিহত আজমুলের বাবা কুতুবউদ্দিন বাদী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ ২০-২৫জন অজ্ঞাত আসামি করে হরিণটানা থানায় হত্যা মামলা করেন।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, ভাত চুরি করে খাওযার অভিযোগে আজমুলকে নির্যাতন করা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তার সত্যতা এখনও পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে টাকা, মোবাইল ফোন চুরি করার অভিযোগ রয়েছে।


