সোনারগাঁও জাদুঘরের প্রধান সড়কে খানাখন্দ, পর্যটকদের ভোগান্তি

সোনারগাঁও জাদুঘরের প্রধান সড়কে খানাখন্দ, পর্যটকদের ভোগান্তি
খানাখন্দে ভরা সড়ক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘর) প্রবেশের প্রধান সড়কের প্রায় ৩০০ মিটার অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে আছে। টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ইট-খোয়া উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলের পাশাপাশি পায়ে হেঁটে চলাচলেও ব্যাঘাত ঘটছে এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোনারগাঁও পৌরসভার অন্তর্গত সোনারগাঁও জাদুঘরের প্রবেশমুখ থেকে প্রায় ৩০০ মিটার সড়কের বিভিন্ন স্থানে ইট-খোয়া উঠে বড় গর্ত তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো পর্যটক এই সড়ক দিয়ে জাদুঘরে যাতায়াত করেন। তবে দীর্ঘদিন ধরে সড়কটির স্থায়ী সংস্কার করা হয়নি।

সরেজমিনে দেখা গেছে, জাদুঘরের প্রথম গেট থেকে প্রায় ১০০ মিটার এগোলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে আছে। খানাখন্দ এড়িয়ে চলতে গিয়ে বাস, ট্রাক ও ইঞ্জিনচালিত অটোরিকশার চালকরা প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন। বৃষ্টির সময় পরিস্থিতি আরও খারাপ রূপ নেয়।

স্থানীয় মানবাধিকারকর্মী শামীম বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সোনারগাঁও জাদুঘরে প্রবেশের প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরাও চরম ভোগান্তিতে পড়ছেন।’

আরও পড়ুন

সোনারগাঁও পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, জাদুঘরে প্রবেশের এই সড়কটি পৌরসভার আওতাধীন নয়, এটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীন। তবে পর্যটক ও নাগরিকদের দুর্ভোগের কথা বিবেচনা করে পৌরসভার পক্ষ থেকে মাঝেমধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরেননি।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা সোনারগাঁও জাদুঘরের প্রবেশের প্রধান সড়কটি দ্রুত স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad