কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের গুদাম রক্ষক হিসেবে অবসর নেওয়ার পর মারা যাওয়া মো. হাবিবুর রহমানের পেনশন ও অন্যান্য প্রাপ্য সুবিধা তার প্রতিবন্ধী ছেলে মো. আশফাকুর রহমান শাওনকে কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে। কৃষি সচিব, অর্থ সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. পারভেজ। তিনি টাইমসকে জানান, ময়মনসিংহ সদরের বাসিন্দা মো. হাবিবুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদাম রক্ষক হিসেবে ২০১৬ সালের ২০ জানুয়ারি অবসর গ্রহণ করেন।
অবসরের পর তিনি বিধি অনুযায়ী পেনশনসহ অন্যান্য সুবিধা পেয়ে আসছিলেন। চলতি বছরের ৪ মার্চ তিনি মারা যান। এর আগে তার স্ত্রীও মারা যান।
হাবিবুর রহমান মৃত্যুকালে তিন মেয়ে ও এক ছেলে রেখে যান। তার ছেলে আশফাকুর রহমান শাওন প্রতিবন্ধী। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, অন্য উত্তরাধিকারীরা শাওনকে এককভাবে পেনশনভোগী হিসেবে মনোনীত করেন।
এর পর শাওন তার পিতার পেনশনসহ অন্যান্য প্রাপ্য সুবিধা তার অনুকূলে মঞ্জুরির জন্য গত ১৫ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। তবে ২৭ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান ওই আবেদন নামঞ্জুর করেন।
ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে শাওন গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। সেই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত পেনশন ও অন্যান্য প্রাপ্য সুবিধা তাকে কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।


