টেকনাফে পাঁচ যুবককে পাচারের চেষ্টা, আটক ১

টেকনাফে পাঁচ যুবককে পাচারের চেষ্টা, আটক ১
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে ভ্রমণের কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণের পর পাচারের চেষ্টার অভিযোগে মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় অপহৃত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

রোববার ভোর ৫টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন খনকারপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া ৭ নম্বর ওয়ার্ডের আবদুর রহিমের ছেলে মো. আনাস ওরফে মুন্না (১৯)।

উদ্ধার হওয়া পাঁচজন হলেন আল আমিন কাউসার (১৮), মো. রাশেদ (২০), সাকিবুল হাসান সাকিব (১৮), মো. সাইফুল ইসলাম (১৬) ও মো. আব্দুল্লাহ (১৬)।

আরও পড়ুন

এসআরবি-১৫ জানায়, গত ১১ সেপ্টেম্বর বিকালে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট সমুদ্রসৈকতসহ বিভিন্ন এলাকায় ভ্রমণের কথা বলে ওই পাঁচ যুবককে সিএনজি অটোরিকশাযোগে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৮টার দিকে তাদের চোখ গামছা দিয়ে বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যান চক্রের সদস্যরা। পরে সেখানে তাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। একই সঙ্গে তাদের অবৈধ নৌপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার গত ১৬ সেপ্টেম্বর এসআরবি-১৫ ব্যাটালিয়ন সদরে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালায় এসআরবি।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া পাঁচজনের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরে গ্রেপ্তার আনাস ও উদ্ধার হওয়া ভুক্তভোগীদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad