বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই, টাইমসের বর্ষপূর্তিতে বক্তারা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই, টাইমসের বর্ষপূর্তিতে বক্তারা
রাজশাহীতে টাইমস অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকালে রাজশাহী নগরীর আমানা ফুড ভিলের কনফারেন্স রুমে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সমাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জনস্বার্থের বিষয়গুলো সামনে আনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন বক্তারা।

তারা বলেন, বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সংবাদমাধ্যম মানুষের আস্থা অর্জন করে। সংবাদ পরিবেশনে টাইমস অব বাংলাদেশ আরও তথ্যনির্ভর, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

টাইমসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকালে রাজশাহী নগরীর আমানা ফুড ভিলের কনফারেন্স রুমে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান হয়।

প্রত্রিকাটির রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান মাহবুব হুসাইন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র গাজিউর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।

এতে আরও উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ও আরইউজের সাবেক সভাপতি নাজিব ওয়াদুদ, দৈনিক সোনার দেশের সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম. সাজু এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সভাপতি রজব আলী এবং রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশনের (রোমো) আহ্বায়ক হুজাইফা ও সদস্য সচিব তুহিন আলী।

আরও পড়ুন

এ ছাড়া রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে গণমাধ্যমের কর্মপদ্ধতিতেও পরিবর্তন এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের কারণে সংবাদ এখন দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্য যাচাই, সূত্রের নির্ভরযোগ্যতা ও সাংবাদিকতার নীতিমালা যেন কোনোভাবেই উপেক্ষিত না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও সমান গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য তুলে ধরে সংবাদে ভারসাম্য বজায় রাখা এবং ভুল তথ্য বা গুজবের বিস্তার রোধে সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার ওপর জোর দেন বক্তারা।

বক্তারা টাইমসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। পত্রিকাটি আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেবে এবং গণমাধ্যম অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে পত্রিকাটির রাজশাহী ব্যুরো প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।

এ ছাড়া রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাজশাহী মহানগর প্রেস ক্লাব, রাজশাহী এডিটরস ফোরাম, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশনের (রোমো) সদস্যরাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad