রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনের পর গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকেও প্রত্যাহার করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে তানভীর আহমেদকে প্রত্যাহারের তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ডিএমপি কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত অফিস আদেশে দাউদ হোসেনকে প্রত্যাহারের কথা জানানো হয়।
আদেশ অনুযায়ী, প্রশাসনিক কারণে দাউদ হোসেনকে গুলশান মডেল থানার ওসির দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
দাউদ হোসেন পুলিশ পরিদর্শক। চলতি বছরের মার্চে তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে গুলশান থানার ওসি করা হয়েছিল।
গত শুক্রবার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। পুলিশ জানায়, মিছিলে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশ নেওয়ার চেষ্টা করেন। এ সময় ককটেলসহ দুজনকে আটক করা হয়।
মিছিলের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে ব্যর্থতা নিয়ে ডিএমপিতে আলোচনা হয়। এর পরদিন ডিএমপি থানার ওসি ও সংশ্লিষ্ট ডিসিদের দায়িত্ব পালনে কঠোর সতর্ক করে।


