কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ । বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত নদীপথে ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে বিএসএফ ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
বিজিবি ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পুশইনের এ চেষ্টা করা হয়। সীমান্ত পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নার্সারিপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
বিষয়টি টের পেয়ে জামালপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেন। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ। পরে মঙ্গলবার সকালে নদীপথে তাকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। তবে ওই ব্যক্তির পরিচয় বা তিনি কোন দেশের নাগরিক, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।


