ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৫ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। বর্তমানে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ১৩১ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যু হয় ডেঙ্গু আক্রান্ত জাফর আলীর (৭০)। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায়। তিনি গত রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাশিদা খাতুন (৪২)। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি।

মোহাম্মদ মাইনুদ্দিন খান বলেন, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই হাজার ১৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর