রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা করা হয়েছে।
সোমবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৩২, ওয়ারীতে ৭৭, মতিঝিলে ৫৮, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১৩৮, গুলশানে ৫৩ ও উত্তরা বিভাগে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজন ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) দুজনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ২ হাজার ৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, আট বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আটটি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, একটি বাস, ১২ হাজার ৭৫০ টাকা, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


