রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে দেশীয় অস্ত্র ও লাঠির আঘাতে গুরুতর আহত যুবক মো. অমিত হাসান (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেতার মৃত্যু হয়।
নিহতের ভাবী নুপুর আক্তার জানান, ভোর চারটার দিকে পূর্বশত্রুতার জেরে স্থানীয় মেহেদী, সোহেল ও ওসমান তার দেবরকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। যেখানে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমা-উল-হক টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘এটি পূর্বশত্রুতাজনিত হামলা বলেই মনে হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। আমরা তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


