১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার আসিফের

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার আসিফের
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অস্ট্রেলিয়া, দুবাই ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নতুন অভিযোগেরও মুখোমুখি হতে তিনি প্রস্তুত।

রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘এসব অভিযোগ বিএনপি সরকারের আমল থেকে চলে আসা পদোন্নতিতে দুর্নীতির অভিযোগ। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এসব অভিযোগ আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আজ তারা একটা অভিযোগ করছে, কাল আরেকটা অভিযোগ করবে। করতে থাকুক। আমরা এর জন্য প্রস্তুত।’

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আসিফ মাহমুদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের কথা জানিয়েছিল। ওই তদন্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আসছেন আসিফ। তার দাবি, অভিযোগে উল্লেখ করা কিছু সিদ্ধান্ত তিনি দায়িত্ব ছাড়ার পর নেওয়া হয়েছিল।

আসিফ মাহমুদ বলেন, ‘দুদক সংস্কারের জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটি যখন বাতিল হতে দেখলাম, তখন আমরা বুঝতে পেরেছিলাম দুদককে কেন এবং কীভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে।’

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে সরকারের অর্থনৈতিক ও জ্বালানি নীতির সমালোচনা করে কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে বিএনপি ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আসিফ বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচনের আগে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। তারা আসলে তা পূরণ করেছে। চাঁদাবাজির সুযোগ তৈরি করে তারা ৫০ লাখ মানুষকে নিজেদের দলের কর্মসংস্থান দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগে এক জায়গায় চাঁদা দিতে হতো। এখন ঢুকতে হলে চার জায়গায় চাঁদা দিতে হয়।’

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও দলটির নেতাকর্মীদের মিছিল করাকে জননিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। ঢাকা-১৭ আসনে সম্প্রতি আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিশেষ করে ঢাকা-১৭ আসনে, যেখান থেকে বিএনপির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেখানে নিষিদ্ধ দলের লোকজন মিছিল করছে। অথচ সরকারে থাকা বিএনপি তাদের থামাতে পারছে না।’

একই সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল না করে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘মিছিল-মিটিং করে কোনো লাভ নেই। আপনাদের নেতা ডিসেম্বরে ফিরছেন না। তার নেতাকর্মীদের নিয়ে ভাবার সময় নেই। এখনো সময় আছে। নিজেদের বাড়িতে ফিরে যান।’

নাসীরুদ্দীন বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কেউ ভোটকেন্দ্র দখল বা ভোটে অনিয়মের চেষ্টা করলে ১১ দল একসঙ্গে তা প্রতিহত করবে।

তিনি বলেন, ‘কোনো শক্তি যদি ভোটকেন্দ্র দখল বা অনিয়ম করার চেষ্টা করে, তাহলে যুগপৎ আন্দোলনের ১১টি দল রাজপথে একসঙ্গে তা প্রতিহত করবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর