শ্রদ্ধা ও ভালোবাসায় দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানিয়েছেন সহকর্মী ও সাংবাদিক নেতারা।
শনিবার বেলা সাড়ে ১২টায় পুলক চ্যাটার্জির মরদেহ বরিশাল প্রেসক্লাবে নেওয়া হয়। সেখানে বরিশাল প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সাংবাদিকরা এ সময় কালো ব্যাজ ধারণ করেন ও কালো পতাকা উত্তোলন করেন।
পুলক চ্যাটার্জির প্রতি শ্রদ্ধা জানান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
সাংবাদিক নেতারা বলেন, পুলক চ্যাটার্জি ছিলেন মেধাবী ও ভালো মনের মানুষ। তার মৃত্যু সবাইকে কাঁদিয়েছে। তিনি বেঁচে না থাকলেও তার কর্মের মাধ্যমে সবার মাঝে বেঁচে থাকবেন।
তারা আরও বলেন, মৃত্যুর আগে পুলক চ্যাটার্জি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে সাবেক কর্মস্থলে তার কিছু দেনা-পাওনার কথা উল্লেখ করা হয়েছে। বিষয়গুলো কর্তৃপক্ষ যথাযথভাবে মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন তারা।
পরে বরিশাল প্রেসক্লাব থেকে মরদেহ তার নিজ বাসভবনে নেওয়া হয়। দুপুরে সেখান থেকে শেষকৃত্যের জন্য মরদেহ বরিশাল মহাশ্মশানে নেওয়া হবে।
এর আগে শুক্রবার বিকালে নগরীর প্যারারা রোডে সমকালের বরিশাল কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি প্রেসক্লাবের বর্তমান কার্যকরী কমিটির সদস্যও ছিলেন।


