কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়া কয়েকজনের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, একটি মোটরসাইকেল ও ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোন উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।
গ্রেপ্তারদের মধ্যে ছিনতাইয়ের অভিযোগ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আরিফুল ইসলাম রাকিব (২৪), ইকরাম হোসেন সাকিব (২৪), রাকিব (২২), মো. তামিম (১৯) ও মো. হৃদয় (২১)।
তাদের মধ্যে আরিফুল ইসলাম রাকিব কুমিল্লার কোতোয়ালি থানার পূর্ব চাঁদপুর টুক্কু মহাজন বাড়ি এলাকার বাসিন্দা। ইকরাম হোসেন সাকিব একই ইউনিয়নের পূর্ব চাঁনপুর সরকার বাড়ির বাসিন্দা। রাকিব কাশেরাপট্টি চকবাজার এলাকার, মো. তামিম কাসেরাপট্টি শরীফ মিয়ার বাড়ি এলাকার এবং মো. হৃদয় নুরপুর ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. সাইফুল ইসলাম (৩১), মো. দেলোয়ার হোসেন (৩৩), ইকবাল হোসেন (৩৫), হৃদয় হাসান (২০), মো. সুমন মিয়া (৪০), মো. সাইফুল ইসলাম (৩৩), মো. ফরহাদ মিয়া (২৪), মো. সাব্বির হোসেন (১৮), মো. জালাল উদ্দীন (৩২), রজ্জব আলী (২০), মো. তুষার (২৫), মিজানুর রহমান রিফাত এবং মো. সোলেমানকে (১৯)।
গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম (৩১) ব্রাহ্মণপাড়ার নাল্লা এলাকার বাসিন্দা, বর্তমানে ঠাকুরপাড়ার মোল্লার বস্তিতে বসবাস করছিলেন। দেলোয়ার হোসেনও একই এলাকার মোল্লার বস্তিতে থাকছিলেন। ইকবাল হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুরের বাসিন্দা, বর্তমানে কুমিল্লার আশরাফপুরে থাকছিলেন। হৃদয় হাসান মুরাদনগরের বালা সুতা এলাকার বাসিন্দা, বর্তমানে ঠাকুরপাড়ায় থাকছিলেন।

মো. সুমন মিয়া দক্ষিণ চর্থা লালু মিয়ার বাড়ি এলাকার, মো. সাইফুল ইসলাম (৩৩) দ্বিতীয় মুরাদপুরের, মো. ফরহাদ মিয়া দক্ষিণ চর্থার, মো. সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকার বাসিন্দা, বর্তমানে দক্ষিণ চর্থায় বসবাস করছিলেন।
মো. জালাল উদ্দীন বানাসুয়া হাজীবাড়ি এলাকার, রজ্জব আলী ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ এলাকার বাসিন্দা, বর্তমানে আড়াইওরায় থাকছিলেন। মো. তুষার হযরতপাড়া রূপায়ন এলাকার, মিজানুর রহমান রিফাত কাটাবিল সওদাগর বাড়ি এলাকার এবং মো. সোলেমান চান্দিনার তেশেরা এলাকার বাসিন্দা।
এ ছাড়া মাদক মামলার আসামি হিসেবে মো. জাফর (২৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুমিল্লা নগরীর গাজীপুর কটক বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়া কয়েকজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, একটি মোটরসাইকেল ও ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ডিবির ওসি শামসুল আলম শাহ বলেন, নগরীতে ছিনতাই ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


