রাজধানীর কড়াইল বস্তিতে মাদক কারবারি রাকিব ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন, ২ কেজি গাঁজা ও ১৭ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে রাকিব ইসলাম পলাতক।
বৃহস্পতিবার কড়াইল বস্তির এরশাদ মাঠ এলাকায় অভিযানটি চালায় ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি দল। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বনানী থানার কড়াইল বস্তির এরশাদ মাঠ এলাকায় কালু মিয়ার ভাড়া দেওয়া তিন কক্ষের একটি বাড়িতে রাকিব ইসলাম সহযোগীদের নিয়ে মাদক বিক্রি করছেন। পরে উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে মো. আল-আমিন ওরফে সাকিব (২৩) ও মো. মোজাম্মেল হক (৩২)কে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন দাবি করেছেন, উদ্ধার মাদকের মালিক রাকিব ইসলাম। তাঁর হয়ে তাঁরা মাদক কেনাবেচায় সহযোগিতা করতেন।
এর আগে ২৯ আগস্ট একই বস্তিতে অভিযান চালিয়ে ডিএনসির তালিকাভুক্ত মাদক কারবারের গডফাদার কবুতর মমিনের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক ও ৪৩ লাখ টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
ডিএনসি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। মামলার বাদী ডিএনসির গুলশান সার্কেলের পরিদর্শক মো. ইমদাদুল হক খাঁন।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রাজধানীতে অভিযান অব্যাহত থাকবে।


