প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির বাগবিতণ্ডার ঘটনা মিটমাট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
বুধবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ত্যাগ করে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ। এসময় একটি মামলার শুনানি চলছিল।
অবশ্য বুধবার যথারীতি এজলাসে বসে বিচারকাজ পরিচালনা করে আপিল বিভাগ।
নজিরবিহীন এ ঘটনা নিয়ে সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে জানতে চাইলে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট বার বিষয়টি নিষ্পত্তি করে ফেলেছে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইনমন্ত্রী বলেন, ‘এটা বার আর বেঞ্চের অভ্যন্তরীণ সম্পর্কের ব্যাপার। তারা কখন কিভাবে এটার সমাধান করতে হয় দে আর কম্পিটেন্ট এনাফ।’


