রাজধানী ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। মরদেহের মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।
শুক্রবার সকালে বনানী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে।
তিনি বলেন, ‘তার গায়ে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের পোশাক ছিল। মুখে সাদা টেপ লাগানো ছিল। আমরা ধারণা করছি, তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো এক সময় মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।’
পুলিশ সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন সিএনজি চালক হতে পারেন। তবে তার পোশাক থেকেই এমন ধারণা করা হচ্ছে; এ পরিচয় এখনো নিশ্চিত নয়।
ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে মরদেহ উদ্ধারের স্থান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশেই নিরাপত্তা ক্যামেরা রয়েছে। ফলে এমন নজরদারির মধ্যে কীভাবে একজন ব্যক্তির মরদেহ সেখানে নেওয়া ও ফেলে রাখা হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করব। এতে মরদেহটি কখন, কীভাবে সেখানে আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।’
বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
পুলিশ বর্তমানে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে।


