গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় গোলাম রব্বানী নামের এক কলেজ হিসাবরক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের সাদুল্লাপুর পশ্চিমপাড়া আসমা মেমোরিয়াল একাডেমি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।
নিহতের সহকর্মী প্রভাষক মাহমুদুল হক মিলন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে গোলাম রব্বানী তার সন্তানকে জেলা শহরের পশ্চিমপাড়ার আশ-শিফা মাদ্রাসায় পৌঁছে দেন। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’


