রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের একটি ব্রিজের পাশ থেকে আনুমানিক অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে, বুধবার রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের একটি আখক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবীরন বেগম (৫৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি দুলাল বেপারী পাড়ার আব্দুর রহিম শেখের স্ত্রী।
স্থানীয় সূত্র ও নিহতের ভাই আবজাল শেখের দাবি, ৪ লাখ টাকার বিনিময়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে নিহতের ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা জানিয়েছেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, মৃত্যুর কারণ নিয়ে নানা গুঞ্জন তৈরি হওয়ায় মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


