বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, প্রথম পর্ব ৮ জানুয়ারি

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, প্রথম পর্ব ৮ জানুয়ারি
বিশ্ব ইজতেমার আসর। ছবি: উইকিপিডিয়া
Advertisement
Advertisement

আগামী বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাত বাংলাদেশের সাদপন্থী প্রতিনিধিদের সঙ্গে ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাদপন্থী অংশের মুরুব্বিদের সঙ্গে আজকের বৈঠকে ইজতেমার প্রস্তুতি ও তারিখ নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে, জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। উভয় পক্ষের মতামত বিবেচনায় নিয়ে ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ব ইজতেমা আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে তাবলীগ জামাতের উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

ইজতেমার স্থান ও অংশগ্রহণ নিয়ে দুই পক্ষের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় পক্ষই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের দাবি জানিয়েছে। বিগত সরকারের সময়ে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে একটি সিদ্ধান্ত সই হয়েছিল। সে অনুযায়ী সাদপন্থী অনুসারীরা টঙ্গী ময়দানে ইজতেমা করবেন না বলে সম্মত হয়েছিলেন। তবে আজকের বৈঠকে সাদপন্থী প্রতিনিধিরা ওই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে টঙ্গী ময়দানে ইজতেমা আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

সাদপন্থী প্রতিনিধিরা দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে যৌক্তিক সময়ের ব্যবধান রেখে টঙ্গী ময়দানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মাওলানা সাদের বাংলাদেশে আগমন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর