নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে নড়াইল জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত সাইফুল বিশ্বাসের স্ত্রী লাভলী বেগম ১০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর বুধবার ভোরে আগদিয়া গ্রাম থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন আজমল বিশ্বাস, খাদিজা বেগম, হুসনেয়ারা বেগম, রানী খাতুন ও জেসমিন নাহার।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত আজমল বিশ্বাসের টিউবওয়েলের ব্যবহৃত পানি সাইফুল বিশ্বাসের বাড়িতে যাওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার ভোরে আজমল বিশ্বাসসহ তার পরিবারের সদস্যরা সাইফুলের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, এ ঘটনায় মামলার পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।


