আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
বুধবার দুপুরে তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা ভোলা শহরের নতুন বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন সরকারে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা। আওয়ামী লীগ ১৭ বছরে দেশকে এমনভাবে করে গিয়েছে, দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হচ্ছে।’
ভোলা-বরিশাল সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ভোলার প্রত্যেকটি মানুষ সেতুর দাবি জানাচ্ছে এবং তারা সবাই এর জন্য কাজ করছেন। সেতু ও মহাসড়কের বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করছে উল্লেখ করে তিনি ভোলাবাসীকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
পার্থ জানান, ভোলা-বরিশাল সেতু নিয়ে সংসদে বক্তব্য দেওয়া হয়েছে এবং এটি ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ভোলায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ স্থাপন, নদী ভাঙনরোধে ৭০০ কোটি টাকা এবং রাস্তা সংস্কারের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের তথ্য জানান তিনি।
বিজেপি চেয়ারম্যান বলেন, গত ছয় মাসে এমপি হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতি, মিথ্যা মামলা, হয়রানি বা চাঁদাবাজির কোনো অভিযোগ ওঠেনি।
কোনো চোর বা সন্ত্রাসী তার দলের হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, দল ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড বা চাঁদাবাজি করলে তা বরদাশত করা হবে না। ভোলার মানুষের ভালোবাসা ও সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনি এমপি হয়েছেন বলে জানান।
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল নদী বন্দরে পৌঁছান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। সেখান থেকে স্পিডবোটযোগে ভোলা সদর উপজেলার খেয়াঘাট লঞ্চঘাটে এলে ভোলার জেলা প্রশাসক শামীম রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


