সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নেবে বিএনপি: আমির খসরু

সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নেবে বিএনপি: আমির খসরু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বর্তমান সংকট থেকে দেশকে উত্তরণে বিএনপি নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন মাঠে মহানগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার ও পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দেশকে যে গর্তে ফেলেছে, সেখান থেকে আমাদের সবাইকে একসঙ্গে উঠে আসতে হবে।’

তিনি বলেন, সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সম্মিলিতভাবে কাজ করলে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।

তারেক রহমানের ঘোষিত অর্থনৈতিক রূপরেখার প্রশংসা করে আমির খসরু বলেন, ‘বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় এমন সাহসী বাজেট ও অর্থনৈতিক কর্মসূচি দেওয়ার সাহস অন্য কোনো সরকার বা দলের থাকত না।’

আরও পড়ুন

বিএনপি সরকারের দেওয়া বাজেট পুরোপুরি বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, জনগণের সমস্যাগুলো জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এর সুফল শিগগিরই দেখা যাবে।

রাজনীতির নামে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বলেন।

আমির খসরু বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির লাখো নেতাকর্মীর রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক নির্বাচন, নির্বাচিত সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হয়েছে।’

সরকারকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সরকারের সফলতা হচ্ছে বিএনপির সফলতা, আমাদের সকলের সফলতা।’

আগামী পাঁচ বছরে জনগণের প্রত্যাশা পূরণ করে ‘নতুন বাংলাদেশ’ গড়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর