মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তও আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর বাজারের জমজম টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে আলাদা কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আবদুল্লাহর সমর্থকেরা। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সমর্থকেরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় সপু সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের মাথায় ইটের টুকরার আঘাত লাগে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, ‘দুই পক্ষই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির আয়োজন করেছিল। মিছিল নিয়ে আসার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। এ সময় আমার মাথায় একটি ইটের টুকরায় আঘাতপ্রাপ্ত হয়েছি। তবে গুরুতর নয়।’
তিনি আরও বলেন, সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন এমপি পক্ষের রনি ও অপর পক্ষের এক ইউপি সদস্য।
তিনি আরও বলেন, ‘ঘটনার বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর শ্রীনগর বাজার এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’


