:চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাতে মোটরসাইকেলে পুরানগড় ইউনিয়নের একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন জাহেদ। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি কোপানো হয় তাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাহেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিএমপি জানিয়েছে, চলতি বছরের শুরুতে জননিরাপত্তার স্বার্থে নগরে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ওই তালিকার এক নম্বরে ছিলেন ‘পিচ্চি জাহেদ’।
তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এর আগে, গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে জাহেদকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় ফিরে আসেন। জামিনে মুক্তির কয়েক মাসের মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মাদক ও অস্ত্রের কারবার কিংবা অপরাধী গ্রুপগুলোর অভ্যন্তরীণ বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


