লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাড়িতে চুরির ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া সোনার গয়না বিক্রির তিন লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় তিন ভরি ১০ আনা সোনা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুই কিশোর ফাহাদ হোসেন (১৬) ও সিফাত (১৭)। পুলিশের দাবি, চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৮০ হাজার টাকা।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের একজন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শবনম ফেরদৌস চৌধুরীর (৫৪) বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিন ১২ আগস্ট রায়পুর থানায় এ ঘটনায় মামলা করা হয়।
মামলার তদন্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীর তত্ত্বাবধানে রায়পুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনা বিক্রির তিন লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় তিন ভরি ১০ আনা সোনা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া সোনা ও নগদ অর্থের সঙ্গে সুইটি আক্তার, খোকন সর্দার ও সুমন বণিক নামে তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের বাকি অংশ উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


