হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে চিমটিবিল সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, দুপুরে সীমান্ত এলাকায় গরু চড়াতে যান সোহাগ। এ সময় একটি গরু শূন্যলাইন অতিক্রম করে ভারতীয় সীমানায় ঢুকে পড়লে সেটি আনতে গেলে বিএসএফ তার ওপর গুলি চালায়। পরে স্বজনেরা তাকে সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুল মুনিরা জানান, সোহাগকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
হবিগঞ্জ ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। চোরাচালানের গরু আনতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আমরা এ বিষয়ে আরও খোঁজখবর নিচ্ছি।’


