কবুতর ব্যবসার আড়ালে কড়াইল বস্তিতে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৩

কবুতর ব্যবসার আড়ালে কড়াইল বস্তিতে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৩
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর কড়াইল বস্তিতে সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির নগদ ৪৩ লক্ষাধিক টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়।

গোপন সংবাদ ও দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান-এর নেতৃত্বে পাঁচটি পৃথক টিম শনিবার এই চিরুনি অভিযান পরিচালনা করে।

অভিযানের মূল লক্ষ্য ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত শীর্ষ গডফাদার ‘কবুতর মমিন’। তার বসতঘর, পরিচালিত সমিতি ঘর, বিকাশের দোকান এবং কবুতরের দোকানে একযোগে তল্লাশি চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে নিজস্ব বিকাশ চ্যানেল ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই মাদকের বিশাল আর্থিক লেনদেন সম্পন্ন করা হচ্ছিল।অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৬১০ গ্রাম হেরোইন, ২৫৩ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪৩ লাখ ৬ হাজার ১৪০ টাকা।

আরও পড়ুন

ঘটনাস্থল থেকে গ্রেপ্তার আসামিরা হলেন— মো. রানা (৩৮), কবুতর মমিনের স্ত্রী নুরুন্নাহার (৪০) এবং মো. আশরাদুল ইসলাম (২৮)।

মূল আসামি মমিন বর্তমানে পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী বনানী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

গুলশান সার্কেলের পরিদর্শক মো. ইমদাদুল হক খাঁন বাদী হয়ে এ মামলা পরিচালনা করছেন।একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক চারজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad