নেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যা ও ভুমিধসে শতাধিক প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেপালের তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় স্পিকার হাফিজ উদ্দিন শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রাকৃতিক এই দুর্যোগে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। এতে বলা হয়, ‘আমরা প্রাণহানির মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করছি এবং নিহতদের পরিবারের প্রতি ও নিখোঁজ স্বজনদের খবরের অপেক্ষায় থাকা ব্যক্তিদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।’
কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংহতি প্রকাশের বিবৃতিকে পূর্ণ সমর্থন জানিয়ে এবং মানবিক ও উদ্ধার সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে গভীরভাবে অবগত একটি জাতি হিসেবে, বাংলাদেশের সংসদ ও জনগণ নেপালের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছে।
দুর্গত এলাকায় অবস্থানরত যেকোনো বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় দ্বিপাক্ষিক সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করার সরকারি প্রচেষ্টায় সহায়তা করতে কমিটি মন্ত্রণালয়ের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক এ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।


