নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের চিন্তা ও প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। সংকটময় পরিস্থিতিতে প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের ভয়াবহ দুর্যোগে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাঠমান্ডুকে সহায়তা দিতে ঢাকা প্রস্তুত। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে বাংলাদেশ।


