বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে জামায়াতে ইসলামী তাদের প্রাপ্য অধিকার থেকে ‘বহুলাংশে’ বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর এই আমির বলেন, সেই বৈষম্যটা আরও পাকাপোক্ত হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ করেন। সেখানে দুই দলের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে বক্তব্য দেন।
শফিকুর রহমান বলেন, ‘সরকারের দুইটা অঙ্গ। একটা সরকারি দল আরেকটা বিরোধী দল। এছাড়া একটা দেশ চলে না। বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভেতরে, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি।’
সংসদের বাইরেও বৈষম্য বাড়ছে দাবি করে জামায়াত আমির বলেন, ‘সেই বৈষম্যটা আরও পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়।’
সরকারি দলের সংসদ সদস্যদের জন্য উন্নয়ন তহবিল বরাদ্দের তুলনায় বিরোধী দলের সদস্যদের বরাদ্দ কম বলেও অভিযোগ করেন তিনি। ‘উন্নয়ন তো চেয়ে নেওয়ার বিষয় নয়, উন্নয়ন নাগরিকদের অধিকার,’ বলেন তিনি।
দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বৈষম্য তৈরি হলে সামাজিক অসন্তোষ দেখা দিতে পারে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘একটা দেশের ভেতরে যখনই বৈষম্য সৃষ্টি হয়, অঞ্চলে জায়গায় বিভেদ সৃষ্টি হয় তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের প্রসঙ্গেও বৈষম্যের অভিযোগ তোলেন শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ কার্যকর পরিবর্তনের আশায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু নির্বাচনে বড় বিজয় পাওয়ার পর সরকার গণভোটের সেই রায় বাস্তবায়ন করতে চাইছে না।
১১ দলীয় জোটে এনসিপির অবস্থান ও দলগুলোর ঐক্য প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘আমরা একটা নির্বাচনে ঐক্য করেছি আর এখন জনগণের স্বার্থে আমরা একসাথে আন্দোলন চালিয়ে যাচ্ছি।’ জোটের কোনো দল বেরিয়ে গেলেও এটিকে ১০ দল বা ১১ দল হিসেবে গণনা করার বিষয়টি বড় করে দেখার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে সংসদ ও সংসদের বাইরে জনগণের অধিকারের পক্ষে কাজ করবেন জানিয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে আছি সংসদ এবং সংসদের বাইরে।’
সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক ও বাংলাদেশের পক্ষে থাকা রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।


