হবিগঞ্জ শহর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্য সচিব মাহদি হাসানসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল আয়োজনের সময় তাদের আটক করা হয়। আটক হওয়া অন্য দুই নেতা হলেন মির্জা সুমন ও রাকিব হাসান।
সংগঠনটির নেতারা জানিয়েছেন, হবিগঞ্জ শহরে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, তীব্র গ্যাস সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতাকে নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই সেখানে বিক্ষোভ মিছিলের চেষ্টা করা হচ্ছিল। পরিস্থিতি এবং শান্তিশৃঙ্খলা বিনষ্টের আশঙ্কায় কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনের সেই বাধা উপেক্ষা করে তারা কোর্ট মসজিদের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে মাহদিসহ তিনজনকে আটক করে।


