মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও বাড়ানো হচ্ছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের এই নিয়োগের বর্ধিত মেয়াদ এক বছর নাকি দুই বছরের জন্য হতে যাচ্ছে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি বলে নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
নাসিমুল গনিকে এ বছরের ১৬ ফেব্রুয়ারি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়।
এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, মো. এহছানুল হককে ২০২৫ সালের ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।


