আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ধনঞ্জয়পুর গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়পুর গ্রামে জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ১০ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে ঝিনাইদহ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পরে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জানতে জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামের পরিবেশ এখন শান্ত। এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


