ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম নিয়ে প্রস্তুতিমূলক সভা

ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম নিয়ে প্রস্তুতিমূলক সভা
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ভূমিকম্প পরবর্তী অগ্নিনির্বাপণ ও সমন্বিত উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অংশীজনদের অংশগ্রহণে একটি প্রস্তুতিমূলক সভা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার ক্রেন, এক্সকাভেটরসহ বিভিন্ন ভারী উদ্ধারকারী সরঞ্জাম রয়েছে এমন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের নিয়ে রাজধানীর মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিসের ইওসি সেন্টারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ভৌগোলিক অবস্থানগত কারণে ঢাকা দেশের অন্যতম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশে ঢাকা বিভাগ এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান।

সোমবার সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্য ও আমন্ত্রিত প্রতিনিধিরা নিজ নিজ পরিচয় প্রদান করেন। পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ফায়ার সার্ভিসের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলার সকল জোন কমান্ডার ও জেলা কর্মকর্তাদের স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির বিশেষ নির্দেশনা দেন।

আরও পড়ুন

পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় উপস্থিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং নিজেদের মতামত ব্যক্ত করেন। ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যেকোনো জাতীয় দুর্যোগে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার কথা জানান।

আলোচনায় হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর সভাপতি মো. আফজাল হোসেন ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একটি ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব দেন।

এ ছাড়া গণপূর্ত অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, রোডস অ্যান্ড হাইওয়েজ, এনডিই, আবদুল মোনেম গ্রুপ, ম্যাক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আকিজ ইস্পাত ও ম্যাক্সিম গ্রুপসহ বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন মালিক ও প্রতিনিধি সভায় বক্তব্য দেন।

অনুষ্ঠানের সভাপতি ও ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রানা প্লাজা ভবন ধস এবং সাম্প্রতিক সময়ের তুরস্ক ও মিয়ানমার ভূমিকম্পের চিত্র তুলে ধরেন এবং সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

পাশাপাশি হেভি ইকুইপমেন্ট মালিক ও ব্যবসায়ীদের নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনপূর্বক সমন্বয় বৃদ্ধি করে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়া আয়োজনের নির্দেশনা দেন।

উক্ত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহাসহ সংশ্লিষ্ট বিভিন্ন জেলার জোন প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad