চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এক ব্যবসায়ীর গাড়িতে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টা ২০ থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার শিকার ব্যবসায়ীর নাম এস এম শহীদুল্লাহ রনি। তার বাড়ি রাউজানে। তিনি বিজয় টিভির সাবেক ব্যুরো প্রধান এবং বর্তমানে দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত।
জানা গেছে, রনি চট্টগ্রাম শহর থেকে নিজস্ব গাড়ি চালিয়ে রাউজানের দিকে যাচ্ছিলেন। সাধারণত তার সঙ্গে চালক থাকলেও ঘটনার দিন তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পথে চারা বটতলা এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। প্রথমেই তারা গাড়ির সামনের গ্লাস লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। রনি তৎক্ষণাৎ গাড়ির লাইট বন্ধ করে গাড়ির নিচে নিচু হয়ে বসে পড়েন, যা তার প্রাণ বাঁচাতে সাহায্য করে।
দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে পরপর তিন থেকে চারটি গুলি চালায়। একটি গুলি গাড়ির ডানপাশ দিয়ে ঢুকে বামপাশ দিয়ে বেড়িয়ে যায়। স্থানীয়রা শব্দ শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এবং মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে সেখান থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে।
ভুক্তভোগী এস এম শহীদুল্লাহ রনি জানান, রাউজানে তার ইটভাটার ব্যবসা রয়েছে এবং এই ব্যবসাকে কেন্দ্র করেই সন্ত্রাসীরা তাকে টার্গেট করেছে। মাসখানেক আগেও তার শহরের বাড়িতে কিছু লোক অতর্কিত হামলা চালিয়েছিল।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, হামলাকারীরা সম্ভবত ভেবেছিল রনি গাড়ির পেছনের সিটে আছেন, কারণ সচরাচর তিনি সেখানেই বসেন। সেই লক্ষ্যেই গাড়ির পেছনের অংশে গুলি করা হয়। হামলায় রনি অক্ষত থাকলেও তার ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, রনির সঙ্গে বিভিন্ন পক্ষের পুরোনো দ্বন্দ্ব রয়েছে বলে তারা জানতে পেরেছেন। এই শত্রুতার জের ধরেই হামলাটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


