চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন।
ঘটনার পেছনে ২০ লাখ টাকা চাঁদা দাবির বিষয়টি রয়েছে বলে অভিযোগ করেছেন ভবনের মালিক।
রোববার সকাল ৮টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকার আবাসিক অঞ্চলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি টেম্পোতে করে মুখোশ পরা ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল ভবনটির সামনে এসে নামে। তারা নির্মাণাধীন ভবনে ঢুকে সেখানে কর্মরত শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের মারধর করে।
এ সময় ভবনের দরজা-জানালা ভাঙচুর করা হয়। হামলার একপর্যায়ে হাসান সাকি নামে এক নির্মাণশ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা চলে যাওয়ার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ভবনের মালিক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘গত এক মাস ধরে বিদেশি একটি নম্বর থেকে তাকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল।’
বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু চাঁদা না দেওয়ায় তার নির্মাণাধীন ভবনে হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ। এ ঘটনায় তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে কারা তাকে হুমকি দিচ্ছিল, তা তিনি শনাক্ত করতে পারেননি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, জসিম উদ্দিন একা নন, বড় দিঘিরপাড় এলাকায় নতুন নির্মাণাধীন অন্তত ৮ থেকে ১০টি ভবনের মালিকের কাছ থেকেও একইভাবে মোটা অঙ্কের চাঁদা আদায় করেছে একটি সংঘবদ্ধ চক্র।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’


