প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কার্ড ধরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদিকে একই মঞ্চে বিএনপি সরকার ও জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির আলোচনা সভায় তারা এসব মন্তব্য করেন।
বিএনপি সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রী বিএনপির জন্য কৃষক, ধর্ম ও প্রবাসী কার্ড চালু করেছেন। আমরাও কয়েকটি কার্ড তৈরি করব–সন্ত্রাসী কার্ড বিএনপিকে, চাঁদাবাজি কার্ড ছাত্রদলকে, দখলবাজি কার্ড যুবদলকে এবং আরেকটি লাল কার্ড প্রধানমন্ত্রীকে দেওয়া হবে।’
সরকারের সংস্কার ও নির্বাচনপূর্ব প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে সংস্কারের কথা বলা হলেও এখন জনগণকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।’
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত ও ভারতের সঙ্গে হাত মেলানোর অভিযোগ তুলে তিনি সরকারকে জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।
একই মঞ্চে সারজিস আলম বিএনপি সরকার ও জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান।
হজের খরচ কমানোর পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে সারজিস বলেন, ‘হাজিদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হতো। বিএনপি সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২৫ হাজার টাকা কমানো হয়েছে। যদিও তা কম, তবুও সরকারের এই নজর দেওয়াকে ধন্যবাদ জানাই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, ‘নৈতিক স্খলনের অভিযোগে সংশ্লিষ্ট এমপিকে দল থেকে বহিষ্কারের সাহসী পদক্ষেপ অন্যান্য রাজনৈতিক দলের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


