দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৯০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে গত তিন মাসের কিছু বেশি সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৩ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ১২৫ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৬০টি ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ছিল ৯৬৫।
গত ২৪ ঘণ্টায় ৮৮৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৩৬ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্ততরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ৯৩ হাজার ৭৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া যায়। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১৭১ জন।
এদের মধ্যে মোট ৭৭ হাজার ৭৪৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে এরই মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।


