দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১৩৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগে রোববার ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬ জন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে ১৬ জন করে মোট ৩২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ঢাকা বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে নয়জন, সিলেট বিভাগে তিনজন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন এবং বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।


