রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, রোববার সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় সমবেত হয়ে মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কবির আহম্মেদ, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার, মো. নয়ন শেখ এবং যুবলীগের সক্রিয় কর্মী মো. ইব্রাহিম, মো. রাকিব (২৬) ও মো. রাকিব (২৩)।
অপরদিকে, মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর কলেজ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে আটজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. কবির ওরফে হুমায়ুন কবির, মো. কালাম ফরাজি, কবির হাওলাদার, মো. সিরাজ, মো. হেলাল হোসেন, মো. আলী রাজ হোসেন, মো. স্বপন মিয়া ও মুরাদ ওরফে মুরাদ মাতবর।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


